পাথেয় রিপোর্ট : রাজধানীর বিজয় সরণীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী আখতার জাহান রুম্পা (২৮) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।
৪ ডিসেম্বর মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে তেজগাঁও থানাধীন বিজয় সরণির মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে শ্যামলীগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয় মহাখালীগামী একটি বাস। এতে অটোরিকশায় থাকা এক নারী ও চালক আহত হন। রাস্তার পাশে কাজ করতে থাকা শ্রমিকেরা অটোরিকশার চালককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। আহত নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ শনাক্ত করেন স্বজনেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। তিনি বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত নারীর আত্মীয় সাইদ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আখতার জাহানের বাবার নাম আখতারুজ্জামান। বাড়ি চট্টগ্রামের হালিশহরে। তিনি সিলেটের ওসমানীনগরের বার্ডসআই হাসপাতালের চিকিৎসক ছিলেন। শ্যামলীর একটি চক্ষু হাসপাতালের চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন তিনি।
ট্রাফিক বিভাগ পশ্চিমের অতিরিক্ত উপকমিশনার মনজুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা যায়নি।
এদিকে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি করপোরেশনের হালডোবা এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।
গাজীপুর প্রতিনিধির পাঠানো সংবাদে জানা যায়, সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি করপোরেশনের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের সর্জেন্ট (অব.) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তাড়াশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আব্দুস সামাদ (৬৫)।
এর আগে ঢাকার অদূরে ধামরাই উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী আমিন হোসনে ও তার শ্যালক সিফাত হোসেন । তাদের গ্রামের বাড়ি ধামরাইয় বালিয়া গ্রামে। আহত অটোরিকশা চালকসহ আরও দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের চৌহাট আঞ্চলিক সড়কে একটি অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


