পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লেবাননের ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী এ অভিযান শুরু করার পর যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। খবর আলজাজিরার।
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর টানেল বন্ধের নামে লেবানন সীমান্তে সামরিক এ অভিযান শুরু করেছে। ইসরাইল দাবি করছে, হিজবুল্লাহ ইসরাইল অধিকৃত এলাকার কাছে এসব টানেল তৈরি করেছে।
গতকাল (মঙ্গলবার) টুইটার বার্তায় এ অভিযানের কথা জানিয়েছে ইসরাইল। টুইটার বার্তায় বলা হয়েছে, লেবানন সীমান্তবর্তী মেতুলাসহ কয়েকটি এলাকাকে ‘সামরিক জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এক সপ্তাহ মতো এ অভিযান চলবে বলে অন্য এক সেনা কর্মকর্তা আভাস দিয়েছেন।
তবে ইসরাইল যে সামরিক অভিযান শুরু করেছে, তা মূলত হিজবুল্লাহর ওই টানেল ধ্বংস করার জন্য। এই অভিযান লেবাননের অভ্যন্তরে নেয়া হবে না বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস জানিয়েছেন, ইসরাইল অধিকৃত এলাকায় কয়েকটি টানেল তৈরি করা হয়েছে। এসব টানেল এখনো সামরিক অভিযানের জন্য প্রস্তুত করা হয়নি এবং এখনই সেগুলো ইসরাইলের জন্য হুমকি হয়ে দেখা দেয়নি।
তিনি দাবি করেন, যুদ্ধকে ইসরাইলের ভেতরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে হিজবুল্লাহ।
উল্লেখ্য, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। ২০০৬ সালে তাদের মধ্যে প্রায় এক মাসের যুদ্ধ হয়। তখন ১ হাজারের বেশি লেবানিজ ও ৪০ জন ইসরাইলি সেনা নিহত হয়।


