পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কয়েক সপ্তাহ ধরে জনতার বিক্ষোভ চলছে ফ্রান্সজুড়ে। ফ্রান্সে আবারো বিক্ষোভে নেমেছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা। গতকাল শনিবার টানা পঞ্চমবারের মতো সাপ্তাহিক ছুটির দিনে রাজপথে নেমেছে হাজারো জনতা। এ সময় রাজধানী প্যারিসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বিচ্ছিন্ন সংঘর্ষ বাধে। এ সময় ৪ সহস্রাধিক মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়। তারা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
গত সপ্তাহগুলোর তুলনায় শনিবার রাজপথে বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা তুলনামূলক কম ছিল। সরকারের আহ্বান উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জনতা।
এই বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি জানান, জনতার ক্ষোভের কারণ চিহ্নিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে ১ ডিসেম্বর শনিবার পুলিশ-জনতা সংঘর্ষে রাজধানী প্যারিস রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে অন্তত ১১০ জন আহত হয়েছে। ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়।
সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘হলুদ জ্যাকেট’ পরিহিত আন্দোলনকারীরা এই বিক্ষোভ করছে। জানা গেছে, বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করেছে পুলিশ। পুলিশের দিকে ‘প্রোজেক্টাইল’ ছুঁড়েছে বিক্ষোভকারীরা। প্যারিসের কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে তারা।
কর্মকর্তাদের ভাষ্য, এই সংঘর্ষের কারণে নিরাপত্তা বাহিনীর ১৭ জনসহ অন্তত ১১০ জন আহত হয়েছে। ২৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র: আল-জাজিরা


