পাথেয় রিপোর্ট : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। শুক্রবার বিকালে জোটের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বিষয়টি নিশ্চিত করে , এ সংবাদ সম্মেলন বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে ড. কামাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
জানতে চাইলে এ প্রসঙ্গে গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, গ্রেফতারসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলন ডেকেছিলেন ড. কামাল হোসেন।
‘হঠাৎ করে তিনি অসুস্থবোধ করায় বৃহস্পতিবার তা স্থগিত করা হয়।’
এদিকে ঢাকায় আগামী বৃহস্পতিবার গণসমাবেশ করতে চায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। ২৮ ডিসেম্বর সকাল ৮টার পর সব ধরনের সভা-সমাবেশ আয়োজনে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় এর আগের দিন গণসমাবেশটি করতে চায় তারা।
ওই দিন দুপুর ১২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে। এর আগে ২৪ ডিসেম্বর রাজধানীতে গণর্যালি করারও সিদ্ধান্ত রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের।


