পাথেয় রিপোর্ট : শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে। এ হামলায় প্রার্থী নুরুদ্দিনসহ অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২৪ ডিসেম্বর দুপুরের দিকে গোসাইরহাট উপজেলার কুদালপুর থেকে মিছিল করে উপজেলা সদরে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত গোসাইরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিল ভূঁইয়া (৪৫), আলালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবু ঢালী (৩৫), আহ্বায়ক মো. রিপন (৩৪), সদস্য মঞ্জুর হাওলাদার (৩৫), কুচাইপইট্টি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল গাজি (২০), গোসাইরহাট উপজেলা ছাত্রদলের সদস্য ও আলালপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম (২৬), ছত্রনেতা রাশেদ (২১), নিরবের (২২) নাম পাওয়া গেছে।
জেলা বিএনপি মহিলা দলে আহ্বায়ক আসমাউল হুসনা জানান, দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি সদরের পট্টি এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা লাঠি নিয়ে হামলা চালায়। এতে নুরুদ্দিন মাথা ও ঘাড়ে আঘাত পান। আহত হন দলের আরও অন্তত ২৫ নেতাকর্মী।গুরুতর অবস্থায় নুরুদ্দিনকে উদ্ধার করে কুদালপুর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়।
আসমাউল হুসনার দাবি, নুরুদ্দিন আহমেদকে মেরে ফেলার জন্য আওয়ামী লীগ প্রার্থীর পক্ষের লোকজন এ হামলা চালিয়েছে।
এদিকে ঘটনায় গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, বিএনপির একটি মিছিল গোসাইরহাট হেলিপ্যাড পৌঁছলে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন বিএনপরি প্রার্থী আহত হন। তাকে কোদালপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি দাবি করেন, ঘটনার সময় সেখানে পুলিশ ছিল না। পরে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
আহত মিয়া নুরদ্দিন আহমেদ অপু বলেন, ১০ হাজার লোক নিয়ে কোদালপুর ইউনিয়ন থেকে একটি মিছিল নিয়ে গোসাইরহাট পৌরসভার হেলিপ্যাড মাঠে পৌঁছা মাত্র সন্ত্রাসীরা লাঠি, চাইনিজ কুড়াল নিয়ে তেড়ে এলে আমাদের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গালিগালাজ করতে করতে তারা আমাদের ওপর হামলা চালায়।
এদিকে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন বলেন, গোসাইরহাটে বিএনপির দুটি দল। তারা একপক্ষ মিছিল করতে থাকলে, আরেক পক্ষ মিছিলে হামলা চালায়। আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাদের উপর হামলা করেনি।


