পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আলোচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের কথা স্বীকার করার পরও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির প্রচেষ্টা অব্যাহত রেখেছে ব্রিটেন। ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর এ খবর দিয়েছে।
সংবাদ মাধ্যমটি জানায়, তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে গত বছরের ২ অক্টোবর খাশোগি নিখোঁজ হওয়ার দিন ব্রিটেনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল রিয়াদ সফরে ছিল। এছাড়া অস্ত্র ব্যবসায়িরা ১৪ ও ২২ অক্টোবর আবার রিয়াদ সফরে যান এবং সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। খাশোগির লাশ সম্পূর্ণভাবে উধাও করে দেয়ার ঘটনা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরও সৌদি আরবের কাছে ব্রিটেন অস্ত্র বিক্রির এই প্রচেষ্টা অব্যাহত রাখে।
সংবাদ মাধ্যমটি আরো জানায়, ব্রিটিশ ওই প্রতিনিধিদলে ছিলেন ব্রিটেনের আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্য ও নিরাপত্তা সংস্থা সংক্রান্ত বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল নাইজেল ম্যাডোক্স। ব্রিটেনের পক্ষ থেকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির এইসব প্রচেষ্টার পর খাশোগি হত্যার বিচার চাওয়ার বিষয়ে ব্রিটেনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে গত বছরের শেষের দিকে জি-২০ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। উল্লেখ্য গত বছরের ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। এরপর সৌদি আরব খাশোগিকে হত্যার কথা স্বীকার করে। কিন্তু তারা বরাবরই এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের জড়িত থাকার কথা অস্বীকার করে।


