ক্রীড়া ডেস্ক : শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবাল এবং বুম বুম আফ্রিদির ব্যাটে চড়ে সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়ে বিপিএলে শুভ সূচনা করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টার্গেট ততটা বড় না হলেও মিরপুর শের-ই-বাংলার উইকেটে এটাই অনেক বড় হয়ে গিয়েছিল। জয় এসেছে মাত্র ১ বল বাকী থাকতে। ব্যাটসম্যানদের বধ্যভূমিতে দাঁড়িয়ে কিছু করতে পারেননি অভিষিক্ত স্টিভেন স্মিথ। ১২৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে স্টিভেন স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুরুটা খারাপ করেনি। তবে বিধ্বংসী ক্যারিবীয় ওপেনার এভিন লুইস (৫) এদিন ফ্লপ। ‘ডাক’ মারেন ইমরুল কায়েস। চার নম্বরে অধিনায়ক স্টিভ স্মিথ নামেন ব্যাট হাতে। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ইনিংস ছিল ধীর গতির। ১৭ বলে করেন ১৬ রান। বাউন্ডারি মেরেছেন মাত্র ১টি। পাকিস্তানি অল-রাউন্ডার শোয়েব মালিক (১৩) শিকার হন নেপালি বিস্মিয় স্পিনার সন্দ্বীপ লামিচানের।
একপ্রান্ত আগলে রাখা দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৩৪ বলে ১ চার ১ ছক্কায় ৩৫ রানে রান-আউট হলে বিপদেই পড়ে কুমিল্লা। অন্যাপ্রান্তে ব্যাট চালাচ্ছিলেন আরেক পাকিস্তানি শহীদ আফ্রিদি। তার সঙ্গী হন আরেক অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তামিম ইনিংসের শুরুতে হাল ধরেছিলেন; আর ২৫ বলে ৫ চার ২ ছক্কায় অপরাজিত ৩৯* রানের ইনিংস খেলে কুমিল্লাকে জিতিয়ে মাঠ ছাড়েন আফ্রিদি। ৫* রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। ইনিংসের বাকী তখন মাত্র ১ বল।
এর আগে দিনের প্রথম খেলায় আজ রবিবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রান তোলে সিলেট সিক্সার্স। দলীয় ১ রানেই ফিরেন লিটন দাস (১)। তৌহিদ হৃদয় ফিরেন ৮ রানে। অপর ওপেনার ডেভিড ওয়ারনার ১৩ বলে ৩ বাউন্ডারিতে ১৪ রান তুলে কিছু করার আভাস দিয়েছিলেন। কিন্তু তিনি দূর্ভাগ্যজনক রান-আউটের শিকার হয়ে থামেন।
আফিফ হোসেন (১৯), সাব্বির হমান (৭) কেউই বড় রান করতে পারেননি। ৬ষ্ঠ উইকেটে জুটি বাঁধেন নিকোলাস পুরান এবং অলক কাপালি। ২৬ বলে ৫ চার ২ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেন ২৩ বছর বয়সী ক্যারিবীয় তারকা। জাতীয় দলে ব্রাত্য অলক কাপালি খেলেন ১৯ রানের প্রয়োজনীয় ইনিংস। শেষের দিকে দ্রুত উইকেট হারানোয় সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১২৭ রান। ২টি করে উইকেট নেন মেহেদী হাসান, সাইফ উদ্দিন এবং মোহাম্মদ শহীদ। শহীদ আফ্রিদি নেন ১ উইকেট।


