পাথেয় রিপোর্ট : নতুন সরকারে অর্থমন্ত্রীর পদ পেয়েছেন আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমি এই সাবজেক্ট নিয়েই লেখাপড়া করেছি। সুতরাং আমি এটুকু বলতে পারি যে আমি আপনাদের মিথ্যা আশ্বাস দেব না। আমি ফেল করব না। আমার বিশ্বাস, আপনারাও ফেল করবেন না।
মুহিত যুগের অবসান ঘটিয়ে সোমবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন আ হ ম মুস্তফা কামাল। রোববার নতুন দায়িত্বপ্রাপ্তির খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুস্তফা কামাল জানালেন, এতদিন যেভাবে চলেছে অর্থ মন্ত্রণালয়, সেভাবে আর চলবে না। নতুন পরিসরে নতুন কলেবরে এবং আগামীকাল থেকেই যাত্রা শুরু করবে এই মন্ত্রণালয়। সেখানে অনেক বড় ও বিশালতা এবং অনেক নতুনত্ব দেখতে পাবেন।
মুস্তফা কামাল বলেন, চ্যালেঞ্জ আসবেই। চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই হচ্ছে বাহাদুরী। প্রত্যেকটা চ্যালেঞ্জই আমাদের জন্য সুযোগ নিয়ে আসে। নতুন অর্থমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চালিকা শক্তি। তার নির্দেশনা নিয়ে সব চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব। তার হাত ধরে আমাদের অর্থনীতিকে আরও অনেক শক্তিশালী অবস্থানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ।
উল্লেখ্য, আ হ ম মুস্তফা কামাল ১৯৪৭ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও ক্রিকেট সংগঠক। বাংলাদেশের জাতীয় সংসদে কুমিল্লা-১০ সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য তিনি। এছাড়াও মুস্তফা কামাল ২০১৪-১৫ মেয়াদে আইসিসি এর সভাপতির দায়িত্ব পালন করেন।
পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কামাল এ পর্যন্ত চারবার এমপি হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চতুর্থ মেয়াদে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যরূপে কুমিল্লা-১০ সংসদীয় আসন থেকে নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা জেলা (দক্ষিণ)-এর আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
এছাড়াও, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সচিব পদে আসীন। বর্তমানে তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।


