ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের নয়া ইতিহাস। অস্ট্রেলীয় ক্রিকেট সাম্রাজ্যে বড় আঘাতটিই করলেন বিরাটের দল। উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতলেন বিরাট কোহলিরা। এদিকে এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের নজির গড়লেন বিরাট কোহলি। ঐতিহাসিক টেস্ট জয়ের দিনেই স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ঘুরলেন ভারত অধিনায়ক।
পূর্বসূরি তারকারা কেউই পারেননি। সৌরভ গাঙ্গুলী গিয়েছিলেন সবচেয়ে কাছে। তবে ভারত সত্তর বছরের চেষ্টায় অস্ট্রেলিয়া জয় করলে বিরাট কোহলির হাত ধরেই।
অ্যাডিলেড ও মেলবোর্নে জেতা ভারত ২-১ ব্যবধানে ঘরে তুলল সিরিজ। অবসান হল তাদের ৭১ বছরের অপেক্ষার। বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্ট ড্র হলেও তা ইতিহাস গড়তে বাধা দেয়নি কোহলিদের। ক্রিকেটবিশ্বে প্রশংসায় ভাসছেন ভারতের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের কীর্তি গড়া কোহলি।
বৃষ্টির কারণে সিডনি টেস্টের পঞ্চম দিন একটি বলও করা যায়নি। আম্পায়াররা দুই অধিনায়কের সঙ্গে কথা বলেই টেস্টটি ড্র ঘোষণা করেছেন। তবে এই ফলে ইতিহাস গড়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় করেছে তারা বিরাট কোহলির হাত ধরেই।
কপিল দেব পারেননি, পারেননি মোহাম্মদ আজহারউদ্দিন কিংবা মহেন্দ্র সিং ধোনিও। ২০০৩-০৪ মৌসুমে সিরিজ জয়ের সবচেয়ে কাছে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী, কিন্তু ব্যর্থ হয়েছেন তিনিও। কিন্তু ভারতকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া-জয়ের স্বাদ দিলেন সৌভাগ্য আর সাফল্যের বরপুত্র কোহলি। সিডনি টেস্ট ড্র হওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতল তারা।
সিডনি টেস্টে নিজেদের প্রথম ইনিংসেই রান পাহাড়ে চড়ে বসেছিল ভারত। ৭ উইকেটে ৬২২ রান করে ইনিংসের সমাপ্তি টেনে অস্ট্রেলিয়াকে ৩১ বছর পর নিজেদের মাটিতে ফলোঅনে বাধ্যও করেছিল। নিজেদের প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হওয়ার পর ৩২২ রানে পিছিয়ে থেকে আবার ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৬ রান করেছিল অস্ট্রেলিয়া।
সত্তর বছরের চেষ্টায় ভারতকে এমন সাফল্য এনে দিয়েছেন। স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত কোহলি। ব্যাপারটা যে তাঁর জন্য দারুণ গর্বের সেটিই ম্যাচ শেষে জানিয়েছেন তিনি, ‘আমি একটা কথাই বলতে চাই আমি এই সাফল্যের অংশীদার হয়ে যতটা গর্বিত, আমার ক্যারিয়ারে আগে এতটা কখনোই হইনি। অধিনায়কের মুখে এই সাফল্যের হাসি দলের সব খেলোয়াড়ের জন্যই। এখনো পর্যন্ত ক্রিকেটার হিসেবে এটি আমার ক্যারিয়ারের সেরা অর্জন।’
কোহলিদের প্রশংসা করে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন বলেন, ভারত দলকে অভিনন্দন। আমরা যখন ভারতে খেলি, আমরা জানি তা কত কঠিন।… শেষ দুই টেস্টে আমরা কিছুটা বাজে ক্রিকেট খেলেছি। এই জয় ভারতের প্রাপ্য।
ম্যাচসেরা হয়েছেন চেতেশ্বর পুজারা। ম্যান অব দ্য সিরিজও হয়েছেন তিনি। সিরিজে তিনটি সেঞ্চুরি ও একটি ফিফটি এসেছে এ টপ অর্ডার ভাতীয় ব্যাটসম্যানের ব্যাট থেকে।
এক নজরে সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩০০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (ফলোঅন) (আগের দিন শেষে ৬/০) ৪ ওভারে ৬/০ (খাওয়াজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)
ফল: ড্র
সিরিজ: চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ভারত
ম্যান অব দা ম্যাচ: চেতেশ্বর পুজারা
ম্যান অব দা সিরিজ: চেতেশ্বর পুজারা


