খুলনা টাইটান্সকে উড়িয়ে দিল মিরাজের রাজশাহী কিংস

খুলনা টাইটান্সকে উড়িয়ে দিল মিরাজের রাজশাহী কিংস

ক্রীড়া ডেস্ক : বিপিএলের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্স বিপক্ষে প্রথম জয় পেয়েছে রাজশাহী কিংস। এদিকে হেরেই চলছে খুলনা টাইটান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার নিজেদের তৃতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাদের ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মেহেদী মিরাজের রাজশাহী কিংস। খুলনার দেওয়া ১১৮ রানের টার্গেটে ৭ বল হাতে রেখেই পৌঁছে যায় মিরাজ বাহিনী। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করে এই জয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখেন মিরাজ।

মাঝারি টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানে মোহাম্মদ হাফিজ তাইজুলের ঘূর্ণিতে প্যাভিলিয়নে ফিরেন। এরপর মুমিনুল হক আর অধিনায়ক মেহেদী মিরাজ ইনিংস গড়ায় মনযোগ দেন। ৮৯ রানের দারুণ এক জুটি গড়েন দুজন। স্টার্লিংয়ের বলে ৪৩ বলে ৪ বাউন্ডারিতে ৪৪ করা মুমিনুল আউট হলে ভাঙে এই জুটি। ৪৪ বলে দারুণ হাফ সেঞ্চুরি তুলে পরের বলেই জহির খানের শিকার হন অধিনায়ক মিরাজ। সৌম্য সরকার (১১*) আর ইভান (১*) মিলে ৭ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর আঁটসাট বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের দল সংগ্রহ করে ১১৭ রান। যদিও টাইটান্সদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার পল স্টার্লিং (১৬) এবং জুনায়েদ সিদ্দিকী (২৩)। ওপেনিং জুটিতে ৪০ রান আসার পর ছন্দপতন। মুস্তাফিজ এবং উদানার বলে পরপর বিদায় নেন দুই ওপেনার।

ধাক্কা সামলে ওঠার দায়িত্ব বর্তায় জহুরুল এবং অধিনায়ক মাহমুদউল্লাহর কাঁধে। কিন্তু জহুরুল মাত্র ১ রান করেই আরাফাত সানির শিকার হন। দলকে আজ একা টেনে নিতে পারেননি মাহমুদউল্লাহ। ১১ রান করে এলবিডাব্লিউ হয়েছেন মুস্তাফিজের বলে। রিভিউ নিলেও সিদ্ধান্তের বদল হয়নি। সৌম্য সরকারের একটি অফ কাটার উড়িয়ে মারতে গিয়ে লং অনের সীমানার কাছে ধরা পড়েন ডেভিড মালান (২২)। আরিফুলের সংগ্রহ ১২ রান।

উদানার দ্বিতীয় শিকারে পরিণত হন প্রোটিয়া অল-রাউন্ডার ডেভিড ওয়াইজি (১৪)। এরপর শুধুই আসা-যাওয়ার খেলা। রাজশাহীর আঁটসাট বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে টাইটান্সের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১১৭ রান। দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৮ রানে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। লঙ্কান ইসুরু উদানা ছিলেন আরও ভয়ংকর। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে সিলেট সিক্সার্স এবং চিটাগং ভাইকিংস। চিটাগংকে ৫ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে ডেভিড ওয়ার্নারের সিলেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *