খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল

পাথেয় রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত মিছিল করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় মিছিলটি শুরু হয়ে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুলের দিকে এগিয়ে যায় মিছিলটি। মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এতে খালেদার নিঃশর্ত মুক্তি এবং গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন বাতিলের দাবি করা হয়।

এদিকে শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে তাদের কারাগারে পুরে রাখছে সরকার। মূলত শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মামলায় ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বুধবার আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতেই নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে তাদের কারাগারে পুরে রাখছে বলে মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *