পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনে একটি কয়লা খনির ছাদ ধসে ২১ জন কর্মী নিহত হয়েছেন। দেশটির উত্তরপশ্চিম শানশি প্রদেশে শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি রবিবার এক খবরে এই তথ্য জানায়। ১২ জানুয়ারি, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শানঝি প্রদেশের শেনমুতে অবস্থিত খনিতে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির শেনমু শহরের বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে স্থানীয় সময় সাড়ে ৪ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনিতে ৮৭ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রথমে ১৯ শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
রয়টার্স জানায়, চলতি বছরে এ পর্যন্ত চীনের কয়লা খনিগুলোতে ঘটা দূর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। দেশটিতে কয়লা খনিতে নিরাপত্তার দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব দুর্ঘটনার কারণ বলে জানানো হয়েছে।
এ ছাড়া দুর্ঘটনার পর উত্তর-পূর্ব চীনের জাতীয় কয়লা খনি নিরাপত্তা প্রশাসন শ্যান্ডং ও হেনান প্রদেশের কিছু খনিতে পরিদর্শনের জন্য জুন পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে বলে রাষ্ট্র সমর্থিত সাংহাই সিকিউরিটিজ নিউজ (এসএসএন) শুক্রবার জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শানঝি প্রদেশের সীমান্তে অবস্থিত ঝুঁকিপূর্ণ কয়লা খনিগুলো পরিদর্শন করবে জাতীয় নিরাপত্তা প্রশাসন।


