ইরানে হামলা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র

ইরানে হামলা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের ওপর সামরিক আগ্রাসন চালাতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করতে বলেছিলেন। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে ইরাকে একটি মার্কিন কূটনৈতিক মিশনের কাছে সন্ত্রাসী হামলার পর বোল্টন এ পদক্ষেপ নিয়েছিলেন বলেই দাবী জার্নালটির।

বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানায়, জন বোল্টনের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা পরিষদ এই তালিকা তৈরির অনুরোধ করেছিল। সেপ্টেম্বরের প্রথম দিকে বাগদাদের গ্রিন জোনের ফাঁকা এলাকায় তিনটি মর্টারের গোলা আঘাত হানলেও বোল্টন বিষয়টি নিয়ে কয়েকটি বৈঠক ডাকেন এবং বল প্রয়োগের মাধ্যমে জবাব দেয়ার কথা বলেন।

সেসময় বোল্টন এবং ওয়াশিংটনের কয়েকজন কর্মকর্তা ভেবেছিলেন, বসরায় ইরানি কন্স্যুলেট ভবনে অগ্নিকাণ্ডের পর যেহেতু গ্রিন জোনে ওই হামলা হয় এবং হামলার দায়িত্ব একটি শিয়া গ্রুপ স্বীকার করেছে সে কারণে হামলার সঙ্গে নিশ্চয় ইরানের সম্পর্ক রয়েছে। তারা এও মনে করেছিলেন, ইরাকে সে সময়কার বিক্ষোভের সঙ্গে ইরানের সম্পর্ক আছে।

ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে কথা বলা সূত্র জানিয়েছে, পেন্টাগন ইরানের হামলার সামরিক পরিকল্পনা তৈরি করেছিল।

জর্জ ডব্লিউ বুশের আমলে ইরাকে হামলার অতি উৎসাহী প্রস্তাবক ছিলেন জন বোল্টন। ইরানের বিরুদ্ধেও কট্টর অবস্থান তার। এ প্রতিবেদনের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পেন্টগানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনএসসির মুখপাত্র গ্যারেট মারকুইস রোববার এক বিবৃতিতে বলেন, যেকোনো ধরনের হামলা চেষ্টার ঘটনায় আমাদের ব্যক্তিগত পর্যবেক্ষণের পর্যালোচনা অব্যাহত রেখেছি। আমাদের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষায় পূর্ণমাত্রার বিকল্পগুলো আমরা বিবেচনা করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *