শুধু ডাকলেই হবে না, এজেন্ডা কি জানাতে হবে : ফখরুল

শুধু ডাকলেই হবে না, এজেন্ডা কি জানাতে হবে : ফখরুল

পাথেয় রিপোর্ট : গতবারের মতো সংলাপ হলে অর্থবহ হবে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের জন্য শুধু আমাদেরকে ডাকলেই হবে না, এজেন্ডা কি আমাদের জানাতে হবে।

সোমবার (১৪ জানুয়ারি) সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, জনগণের অধিকার পুন:প্রতিষ্ঠাসহ এজেন্ডা জানালে সংলাপের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে ঐক্যফ্রন্ট। তিনি বলেন, আমরা অর্থবহ সংলাপ চাই। বর্তমান নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত ইস্যুতে ড. কামাল হোসেনের বক্তব্য তার দলীয় বক্তব্য। এ ব্যাপারে বিএনপির বৈঠকে বসে সিদ্ধান্ত জানাবে।

এর আগে সকাল সাড়ে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বেলা সোয়া ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে রওয়ান দেন। সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। বিকেলে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ সফরের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা তাদের পূর্বঘোষিত তিন দফা কর্মসূচি শুরু করলেন। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য এলাকায় নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন ঐক্যফ্রন্ট নেতারা।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চলাকালে বিকেল পৌনে ৪টার দিকে (সিলেট-৩) বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রদল নেতা সোহেল নিহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *