পাথেয় রিপোর্ট : উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকেই ভোট হবে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জোটগত নয়, দলীয় প্রতীকেই ভোট হবে। আমরা জোটগতভাবে উপজেলা পরিষদ নির্বাচন কখনও করিনি, এবারও করব না।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর শাখার বর্ধিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। জানা যায়, ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রতীকেই উপজেলা নির্বাচন হবে। সংশ্লিষ্ট উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি তাদের স্বাক্ষরসহ সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবেন। সেখান থেকে উপজেলা নির্বাচন মনোনয়ন বোর্ড একজন প্রার্থীকে মনোনয়ন দেবেন। এছাড়া নেত্রীর জরিপ হয়েছে, সেই জরিপে যারা এগিয়ে এবং যোগ্য তাদের মনোনয়ন দেওয়া হবে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কখনও সংলাপের কথা বলিনি। যার অডিও-ভিডিও রয়েছে। এরপরও কেন ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে। এখানে সংলাপের কোনো বিষয় নেই। নির্বাচন নিয়ে সংলাপ হাস্যকর।
এদিকে সংলাপ নতুন করে নির্বাচন আয়োজনের জন্য নয় মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের আবারো সংলাপ নতুন করে নির্বাচন আয়োজনের জন্য নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। ১৪ জানুয়ারি সোমবার বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সারা বিশ্ব, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব সদ্য সমাপ্ত যে নির্বাচনকে অভিনন্দিত করেছে। সেই নির্বাচনের পর আর কোনো নতুন নির্বাচনের প্রসঙ্গ হাস্যকর। তিনি বলেন, যারা ভেবেছিল দলীয় অন্তর্কলহে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ঘটবে, তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ এতটাই ঐক্যবদ্ধ ছিল যে বিজয় থেকে মহাবিজয়ে উন্নীত হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, কিছুটা দুর্ভোগ হবে। জনগণের কাছে আগাম ক্ষমা চেয়ে সবাইকে বিজয় সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। কেননা, এই মহানগরবাসীই নৌকাকে ক্ষমতায় এনেছে।


