নোয়াখালীতে সড়ক দুর্ঘটনা নিহত ২

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনা নিহত ২

পাথেয় রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে বাসের সহকারীসহ দুজন নিহত হয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছে বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী। বেগমগঞ্জের বড়পালে ফেনী-নোয়াখালী মহাসড়কে গতকাল বুধবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- বাসের চালকের সহকারী বজলুর রহমান (৫০)। তাঁর গ্রামের বাড়ি একই উপজেলার লক্ষ্মীনারায়নপুর গ্রামে। অন্যজন হলেন যাত্রী আনোয়ার হোসেন (৩০)। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার চর পাগলা এলাকায়। এখন তিনি সেনবাগ উপজেলার মহিদীপুর গ্রামে থাকেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, নোয়াখালীর সোনাপুর থেকে ফেনীর উদ্দেশে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত দশটার দিকে বড়পোলের পৌঁছালে বাসের সামনের বাম পাশের একটি চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খালে পড়ে যায়। ঘটনার পর জেলা শহর মাইজদী ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী থেকে দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। দমকল কর্মীরা বাসের চালকের সহকারীসহ দুজনের লাশ উদ্ধার করে। এ ছাড়া তারা বাসের ভেতরে থাকা কমপক্ষে ৩০ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এবং নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকালের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম মোল্লা। তিনি বলেন, দুর্ঘটনার পর পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনায় চালকের সহকারী কিশোর নিহত হয়েছে। ধাক্কা দেওয়া ট্রাকের এই কিশোরের নাম আবদুর রহিম (১৭)। একই ট্রাকের চালক শামীম শেখ (৩০) আহত হন।

বুধবার (১৬ জানুয়ারি) বাগেরহাটের রামপাল উপজেলার কদমদী এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত আবদুর রহিম গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের শান্ত মোল্লার ছেলে। বাগেরহাট মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মলায়েন্দ্র নাথ বলেন, সকালে গোপালগঞ্জ থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসা প্লাস্টিকের ব্যারেলবোঝাই একটি ট্রাক মহাসড়কের কদমদী এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের বাঁ পাশে বসে থাকা চালকের সহকারী আবদুর রহিম আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের চালক শামীমও আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *