গোলাপের রাজধানী সাদুল্লাহপুর

গোলাপের রাজধানী সাদুল্লাহপুর

আলম হোসেন  ● গ্রামের আঁকাবাঁকা সরু পথ। দু’পাশে গোলাপের বাগান। যেদিকে চোখ যায়,  সেদিকেই গোলাপের বাগান। গোলাপের সুঘ্রাণ আর নয়নাভিরাম দৃশ্যে সাজানো মাঠ। যেন গোলাপের রাজধানী। তুরাগ তীরে সাভারের বিরুলিয়ায় অবস্থিত এ গ্রামের নাম সাদুল্লাহপুর। অনেকের কাছে এটি গোলাপ গ্রাম নামে পরিচিত। লাল টকটকে গোলাপ মাথা নাড়িয়ে দর্শনার্থীদের স্বাগত জানায় এ গ্রামে।

জানা যায়, গ্রামের প্রায় ৮০ ভাগ লোকের পেশা গোলাপ চাষ। সারা বছর ফুলের চাষ হয় এখানে। লাল গোলাপের পাশাপাশি সাদা গোলাপ, জারবেরা ও গ্ল্যাডিওলাস ফুলেরও চাষ হয়।

গোলাপচাষিরা জানান, গ্রামের অধিকাংশ মানুষের সংসার চলে গোলাপে। লাভও মোটামুটি সন্তোষজন। তবে অতিবৃষ্টিতে  সমস্যা হয়। ছোট ছোট চারাগুলো নষ্ট হয়ে মাটিতে মিশে যায়। তারা জানান, সূর্য পশ্চিমে হেলে পড়লে বাগান থেকে গোলাপ তোলা শুরু হয়। সাদুল্লাহপুর ও এর আশপাশে রয়েছে তিনটি ফুলের হাট। চাষিরা ফুল নিয়ে যায় সে হাটে।  রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার বড় বড় ফুল ব্যবসায়ীরা ফুল কিনতে আসেন এখানে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে ফুল বেচাকেনা। ভোর হওয়ার আগেই গোলাপ গ্রামের ফুল পৌঁছে যায় ঢাকার শাহবাগ, খামারবাড়িসহ বিভিন্ন পাইকারি ও খুচরা ফুল বিক্রির দোকানে। ঢাকার বাইরেও যায় এই গ্রামের ফুল।

ঢাকার খুব কাছে হওয়াই যান্ত্রিক জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় জমান এই গোলাপ গ্রামে। একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা জানান, ঢাকার এতো কাছে এতো সুন্দর একটি গ্রাম আছে জানতাম না। এক বন্ধুর কাছ থেকে খবর জানতে পেরে ঘুরতে এসেছি। গ্রামের স্নিগ্ধ প্রকৃতি এবং গোলাপের মন মাতানো সৌরভ মনকে ভরিয়ে তুলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *