তাবলীগের বিভেদ দূর করতে দেওবন্দের চেষ্টা এবং…
পাথেয় টোয়েন্টি ফোর ডটকম (দেওবন্দ) : তাবলীগে বিভক্তি, চলমান সঙ্কট ও ক্রমশ বাড়তে থাকা দু’পক্ষের মতানৈক্যে উলামায়ে দেওবন্দ কঠিন পেরেশানির মধ্যে রয়েছে। এ বিষয়ে দারুল উলূম দেওবন্দ থেকে নিয়ে দারুল উলূম করাচি পর্যন্ত দুশ্চিন্তার ছায়া পড়ে আছে। উলামায়ে কেরাম চাচ্ছেন যে করেই হোক তাবলীগের এ দু’পক্ষ আগের মতোই এক হয়ে যাক। ইতোমধ্যে এ নিয়ে উলামায়ে কেরাম কাজও শুরু করেছেন বলে দেখা গেছে।
এ বিষয়টি সামনে রেখেই গত কয়েকদিন আগে পাকিস্তানের প্রসিদ্ধ আলেম শায়খুল হাদীস মুফতি তকী উসমানির নেতৃত্বে পাকিস্তানের বিদগ্ধ আলেমদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে উভয় গ্রুপে সমঝোতা বিষয়ে আলোচনা করা হয় এবং তাদেরকে আবারে কিভাবে এক করা যায় তাই নিয়ে আলোচনা করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, উলামায়ে পাকিস্তান তাবলীগের চলমান এ সঙ্কট নিরসনে যেকোন রকমের সাহায্য করতে প্রস্তুত।
এরপরেই সোশ্যাল মিডিয়ায় উলামায়ে পাকিস্তানের ভারতে আসার ব্যাপারে একটি খবর ভাইরাল হয়। ভাইরাল খবরটিতে দাবি করা হয়, মুফতি তকী উসমানির নেতৃত্বে পাকিস্তানের ২২ জন আলেমের একটি দল পাকিস্তান থেকে রওয়ানা হয়েছেন। তারা দারুল উলুম দেওবন্দ, গুজরাট এবং দিল্লির নিযামুদ্দীন মারকাজে যাবেন।
তবে এ খবরের কোন সত্যতা পাওয়া যায়নি। এমনকি দারুল উলূম দেওবন্দ থেকেও বিষয়টিকে প্রত্যাখ্যান করে বলা হয়েছে, উলামায়ে পাকিস্তানের দারুল উলুমে আসার ব্যাপারে কোন কথা হয়নি। বিগত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে সংবাদটি ভাইরাল হয়েছে, তাবলীগের সাম্প্রতিক দ্বন্দ্ব ও তাদের অন্তর্গত বিবাদ মেটাতে তকী উসমানির নেতৃত্বে পাকিস্তানি আলেমদের ২২ জনের একটি দল দেওবন্দ, গুজরাট ও নিযামুদ্দীনে আসছেন। তারা দারুল উলুমে এসে এই সঙ্কট নিরসনে উলামায়ে দেওবন্দের সঙ্গে বসবেন। মূলত বিষয়টির কোন সত্যতা নেই। বিভিন্নভাবে এই খবরটি সম্পর্কে নিশ্চিত হয়ে আমরা জেনেছি ভাইরাল হওয়া খবরটি ভুয়া। তবে আগামী কয়েকদিনের ভেতর বাংলাদেশ থেকে উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দলের দেওবন্দে আসার কথা রয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মুফতি তকী উসমানি ভারতে এসে বিষয়টির সুরাহা করতে চাচ্ছেন। এবং এসময় তিনি ভারতের বিভিন্ন জায়গায় সফরও করবেন বলে জানা গেছে। তবে এখনি ভারতে আসার ব্যপারে তার কোন প্রোগ্রাম নেই।
দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক সাম্ভূলি ভাইরাল হওয়া এই খবরটিকে অসত্য বলে মুফতি তকী উসমানি ও পাকিস্তানের অন্যান্য উলামায়ে কেরামের দেওবন্দে আসার ব্যাপারে কোন কথা নেই বলেও জানিয়েছেন। এসময় বাংলাদেশের একটি প্রতিনিধি দলের আসার কথা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, তাবলীগের বিভক্তি ও গ্রুপিং সমস্যার কারণে উলামায়ে কেরাম ও জনসাধারণের মাঝে একটি বিশাল দূরত্ব সৃষ্টি হয়েছে। এ বিষয়টির নিরসন এবং এক হয়ে আগের মতোই তাদের নেযাম অনুযায়ী কাজ চলুক বলে উলামায়ে কেরাম সর্বাত্মকভাবে কামনা করছে এবং প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
অনুবাদ ও গ্রন্থনা ; কাউসার মাহমুদ
সম্পাদনা ; মাসউদুল কাদির
সূত্র ; আসরে -হাযির ইসলামিক পোর্টাল, ভারত


