পাথেয় রিপোর্ট : ‘চেঞ্জ দ্য ইমেজ, চেঞ্জ দ্য নারায়ণগঞ্জ’ ক্যাম্পেইন- এর ঘোষনা দিয়েছেন আওয়ামীলীগ নেতা একেএম শামীম ওসমান এমপি। মাদক, সন্ত্রাস ও চাদাবাজি দূর করতেই তার এ পদক্ষেপ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলা আদালত প্রাঙ্গনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের পক্ষে প্রচারনা শেষে গণমাধ্যমকে একথা জানান শামীম ওসমান।
তিনি বলেন, বর্তমান সরকারকে মানুষ ক্ষমতায় এনেছে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। আমরা প্রমাণ করে দিতে চাই, বর্তমান সরকার জনগনের বন্ধু হয়েই পাশে থাকবে। আমার নির্বাচনী প্রচারনায় সাধারন মানুষকে ওয়দা করেছিলাম, শুধু উন্নয়ন নয়, এলাকা থেকে মাদক, সন্ত্রাস,চাদাবাজি ও ইভটিজিং চিরতরে দূর করতে আমি মাঠে নামবো। তারই অংশ হিসেবে অচিরেই আমি আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে জেলা পুলিশকে নিয়ে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করবো।
শামীম ওসমান এমপি বলেন, বর্তমান সমাজে মাদক একটি মারাত্মক সামাজিক ব্যধি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের এত উন্নয়ন এত কাজ সবই ভেস্তে যাবে যদি আমরা আগামী প্রজন্ম যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থকে রক্ষা করতে না পারি। মাদক যারা বিক্রি করে তারা ইবলিশ শয়তানের সমতূল্য, তারা দেশ ও সমাজের সবচেয়ে বড় শত্রু। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মাদক ও সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা নিয়েছেন। আর মাদকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ শুধু পুলিশ প্রশাসনের একার পক্ষে জয়ী হওয়া সম্ভব হবে না যতক্ষণ না সাধারন মানুষ জেগে উঠবেন।
শামীম ওসমান আরও বলেন, শুধু মাদকই নয়, সন্ত্রাস, চাঁদাবাজি ওইভটিজিংয়ের বিরুদ্ধেও আমাদের জেগে উঠতে হবে। সচেতনতা সৃষ্টি হলেই এসব অপরাধী ও সমাজের শত্রুদের বিরুদ্ধে সাধারন মানুষ প্রতিরোধ গড়ে এগিয়ে আসবেন বলে আমি আশা রাখি।
এর আগে শামীম ওসমান সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদসহ সিনিয়র আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখানে তিনি বলেন, আমাদের স্লোগান হওয়া উচিত, ‘চেঞ্জ দ্য ইমেজ, চেঞ্জ দ্য নারায়ণগঞ্জ’।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাড. মহসীন মিয়া, সাবেক সভাপতি অ্যাড. আব্দুর রশিদ ভূইয়া, অ্যাড. আনিসুর রহমান দিপু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।


