পাথেয় রিপোর্ট : এ বছর কোন প্রশ্নপত্র ফাঁস হবে না মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গতবার যে পদ্ধতি গৃহীত হয়েছিল তার ফলে প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবারও আমরা আশা করছি কোন প্রশ্নপত্র ফাঁস হবে না। কেউ যদি গুজব রটায়, সেই গুজবে কেউ কান দেবেন না। অভিভাবক এবং পরীক্ষার্থীর কেউ যাতে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে প্রতারিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্ত করা হবে। আর বেসরকারি শিক্ষকদের এমপিও স্থগিত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। যদি প্রতিষ্ঠানের গভর্নিংবডি ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে গভর্নিংবডি ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রশ্নপত্রের সেট কোড কেন্দ্র সংশ্লিষ্টদের ২৫ মিনিট আগে এসএমএস’র মাধ্যমে জানিয়েছে দেয়া হবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এসময় কোচিং সেন্টার খোলা থাকলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন।


