পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কফি উইথ করণ-এ নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেয়ায় ভারতের দুই ক্রিকেটার হার্দিক পান্ডে ও লোকেশ রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নারীদের অবমাননাকর মন্তব্যের দায়ে এ মামলায় তাঁদের সঙ্গে নাম লেখা হয়েছে চিত্রনির্মাতা করণ জোহরেরও।
পরেই নিউজিল্যান্ড সিরিজেই ফিরেছেন হার্দিক পান্ডিয়া। দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেনও এক ম্যাচে। লোকেশ রাহুলও ভারত এ দলে ডাক পেয়েছেন। ফলে সবাই মোটামুটি ভেবেই নিয়েছিল সব সমালোচনা আর বিতর্ক পাশ কাটিয়ে এবার খেলায় মন দিতে পারবেন ভারতের এই দুই ক্রিকেটার। কিন্তু ঝামেলা এখনো শেষ হয়নি তাঁদের।
বার্তা সংস্থা এএনআই এর খবরে বলা হয়েছে- ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় শাস্তি চেয়ে এই মামলাটি দায়ের করা হয়েছে। রাজস্থান রাজ্যের জোদপুরের স্থানীয় একটি থানায় এই মামলা দায়ের করেন ডি আর মেগাওয়াল নামের এক ব্যক্তি। যিনি রাজস্থানের রাষ্ট্রীয় ভীমসেনার সদস্য।
গত ডিসেম্বরে কফি উইথ করণ-এ হার্দিক পান্ডে নিজের যৌন জীবন ও নারীদের নিয়ে ‘অসম্মানজনক’ মন্তব্য করেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হার্দিকের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়। ওই শো-তে উপস্থিত ছিলেন লোকেশ রাহুলও। সমালোচনা হয় তারও।
‘কফি উইথ করণ’ বেশ জনপ্রিয় টিভি শো। বলিউডের অনেক তারকাই এ অনুষ্ঠানে গিয়ে অকপটে নিজেদের গোপন কথা বলে দেন। এ অনুষ্ঠানে ডাক পেয়ে সে পথেই হাটতে চেয়েছেন পান্ডিয়া ও রাহুল। কিন্তু করণের কিছু প্রশ্নের উত্তরে এমন কিছু কথা বলেছেন তাঁরা যা নারীর জন্য অবমাননাকর। ডিসেম্বরে প্রকাশিত সে অনুষ্ঠানের পর সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় বয়ে গেছে। নারী বিদ্বেষী ও জাতিগত বৈষম্যমূলক মন্তব্য করায় পান্ডিয়ার ওপর খেপেছেন সবাই। রাহুলের ওপর সরাসরি ক্ষোভ না থাকলেও তাঁর মন্তব্যও বিরক্তির উদ্রেক ঘটিয়েছে।
যার ফলে বাধ্য হয়ে হার্দিক ও রাহুলকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই। এমনকি দুই ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয় তারকা অলরাউন্ডারকে। নিষেধাজ্ঞা জারি করা হয় রাহুলের উপরও।
বিসিসিআই জানায়, এ বিষয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই তদন্ত হবে। ইতিমধ্যেই দুই ক্রিকেটারের উপর থেকেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। নিউজিল্যান্ড সফরেই দলে ফেরানো হয়েছে হার্দিককে। এ অবস্থায় মামলা দায়েরে নতুন জটিলতা সৃষ্টি হতে পারে।


