পাথেয় রিপোর্ট : আমি অপরাধ জগত থেকে ফিরে আসতে চাই মন্তব্য করে শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল হামিদ সোহাগ বলেছেন, আমি চোর, আমি ডাকাত, আমি সন্ত্রাসী, আমি অপরাধ জগত থেকে ফিরে আসতে চাই। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে আমাকে আর অপরাধ জগতে ফিরে যেতে হবে না। আমি আপনাদের ছেলে। আমি খেয়ে পড়ে বাঁচতে চাই। আমি আপনাদের কাছে একটি করে ভোট চাই।
সোমবার (১১ ফেব্রুয়ারি) গণসংযোগকালে এসব কথা বলেন শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল হামিদ সোহাগ।
চেয়ারম্যান পদ প্রার্থী হামিদ বলেন, আমি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলাম। দীর্ঘদিন জেলে খেটেছি। আমার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছিল। তৎকালীন সরকার ভাল হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে আমাকে সাধারণ ক্ষমা করেছে। এ জন্য আপনাদের কাছে আসতে পেরেছি। আমার অর্থ নেই। কেউ আপনাদের বাড়ি ঘর করে দিবে না। অনেকই অনেক প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তবায়ন কি করে, আপনারা তা ভাল করেই জানেন। এ জন্য এবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে ভাল হওয়ার সুযোগ করে দিন।
আব্দুল হামিদ সোহাগ জানান, গত দুই দিনে উপজেলার ভায়াডাঙ্গা বাজার, বিলভরট মোড়, বালিজুরি বাজার, পোড়াগড় বাজার, তাতিহাটি মোড়, কর্ণঝোড়া বাজার, বড়ইকুচি বাজারসহ বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ করেছেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে গণসংযোগ করছেন তিনি।
জানা গেছে, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।


