পাথেয় রিপোর্ট : চলতি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তালেবান আলোচকরা বৈঠকে বসবেন। এ ছাড়া পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বসবেন তারা। এমনটাই জানিয়েছে আফগান তালেবান। খবর-এএফপি ও ডনের।
তবে ওয়াশিংটন কিংবা ইসলামাবাদ এ বৈঠকের বিষয়ে এখনও নিশ্চিত করেনি। দীর্ঘ আফগান যুদ্ধের অবসানে সমর্থন আদায়ে মার্কিন দূত জালামি খলিলজাদ বিভিন্ন দেশ সফরে রয়েছেন।
গত মাসে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ছয় দিনের দীর্ঘ বৈঠক করেছেন জালমি খলিলজাদ। চলতি মাসের শেষ দিকে সেখানে আরেকটি আলোচনা হওয়ার কথা রয়েছে।
কিন্তু বুধবার তালেবান এক বিবৃতিতে বলছে, পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে ইসলামাবাদে ১৮ ফেব্রুয়ারি আলাদা একটি বৈঠক হবে। এর সপ্তাহখানেক পর দোহায় বসবেন তারা।
আফগানিস্তানের সব পক্ষকে এক জায়গায় নিয়ে আসতে জালমি খলিলজাদের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিরা বেলজিয়াম, জার্মানি, তুরস্ক, কাতার, আফগানিস্তান ও পাকিস্তান সফরে রয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইসলামাবাদে তালেবানের সঙ্গে বসতে এখন পর্যন্ত কোনো আমন্ত্রণ তারা পাননি।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাক-আফগান সম্পর্ক নিয়ে একটি সমন্বিত আলোচনার জন্য তারা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও বসবেন।
আফগানিস্তানে অস্ত্রবিরতির আগেই সব বিদেশি বাহিনীর প্রত্যাহার চাচ্ছে তালেবান। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে নতুন করে গড়ে তুলতে বিদেশি বেসামরিক সহায়তাকে স্বাগত জানানোর কথাও জানিয়েছেন তারা।


