দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

পাথেয় রিপোর্ট : জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ৬টা ২৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

এর আগে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে আবুধাবির স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়।

জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলন ও আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএক্স-২০১৯) যোগ দিতে ছয় দিনের সরকারি সফরে দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী। সফরকালে প্রধানমন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে ‘আইডিইএক্স-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

প্রধানমন্ত্রী আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন ও দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বাহার প্রাসাদে দুবাইয়ের স্থপতি প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী এবং দুবাই মাতা শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গেও সাক্ষাৎ করেন।

এসময় আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।জার্মানি সফরের প্রথমদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসী বাংলাদেশিরা নাগরিক সংবর্ধনা দেয়। সফরকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলন যোগদান ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি।

লু লু গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী এবং এনএমসি গ্রুপের চেয়ারম্যান ড. বিআর শেঠী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী আবুধাবির সেন্ট রেগিজ হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি তার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরের প্রথম পর্যায়ে দুই দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে জার্মানি থেকে এখানে আসেন।

এবারের নিরাপত্তা সম্মেলনের ৫৫তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী একটি স্বাস্থ্যসেবাসংক্রান্ত গোলটেবিল আলোচনায় ভাষণ দেন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তাঝুঁকি সম্পর্কিত একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।

পটুয়াখালীর পায়রায় ৩৬০০ মেগাওয়াট ক্ষমতার এলএনজিভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জার্মানির সিমেন্স এজির সঙ্গে একটি যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর করে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। আমদানি করা এলএনজিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) প্রধান আইনজীবী ড. ফাতু বেনসৌডা এবং ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনের নির্বাহী পরিচালক নোবেল বিজয়ী ব্যাট্রিস ফিন পৃথকভাবে এখানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

জার্মানিতে অবস্থিত বাংলাদেশ মিশনের উদ্যোগে স্থানীয় হোটেল শেরাটনে আয়োজিত জার্মানিতে বসবাসকারী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগদান করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *