পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে ক্ষতিগ্রস্তদের সরকার ক্ষতিপূরণ দেবে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) আজিমপুর কবরস্তানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যারা ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদের বিষয়ে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে। এসব মানবিক দিক সরকার সবসময় দেখে আসছে এখনও দেখবে। সরকাররে অবস্থান এখানে অনেক কঠোর। সরকার যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সব নেবে। এবং এ ঘটনা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
লালবাগের সাবেক এমপি হারুন-অর-রশিদের চাচা হাজী আব্দুল ওয়াহেদের প্লাস্টিক ও পারফিউমের গুদামে বুধবার রাত ১০টায় আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অগ্নিদগ্ধ কমপক্ষে ৪০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
আগুনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে চুড়িহাট্টায় ফায়ার সার্ভিসের অস্থায়ী তথ্য কেন্দ্র। সেখান থেকে বলা হয়েছে, এখনও সার্চিং অভিযান চলছে। প্রতিটি বিল্ডিংয়ের প্রতিটি কক্ষ তল্লাশি শেষে ক্ষয়ক্ষতির বিষয়ে পুরো তথ্য দেয়া সম্ভব হবে।
বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। তবে ছোট গলি ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে প্রচণ্ড বেগ পেতে হয়।


