‘চোরা পথে নয়, ভোটেই ক্ষমতায় যেতে চায় বিএনপি’

নিজস্ব প্রতিবেদক ● বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন চোরা পথে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় তার দল। রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

এসনময় বেগম জিয়া নতুন প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিতর্কিত আখ্যা দিয়ে বলেন, সরকারের সুষ্ঠু নির্বাচনের ইচ্ছা থাকলে এমন বিতর্কিত একজনকে প্রধান নির্বাচন কমিশনার করত না। চোরা পথে নয়, বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে মানুষের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায়। সুষ্ঠু নির্বাচন হলে যে জাতীয়তাবাদী শক্তির বিজয় হয়, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনই তার প্রমাণ।

সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনেও বিজয়ী হবার পরিকল্পনা করে রেখেছে। আর এ কারণেই অযোগ্য বিতর্কিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আবারও ক্ষমতায় যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং নবনির্বাচিত ঢাকা বার আইনজীবী সমিতি’র সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী মো. আব্দুল বারিক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. সারয়ার কায়সার (রাহাত), সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *