নিজস্ব প্রতিবেদক ● বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নতুন এক কর্মকর্তাকে নিয়োগের প্রস্তাব দিয়ে টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের বর্তমানে প্রকল্প পরিচালক হিসেবে রয়েছেন গোলাম রাজ্জাক। যিনি ২০১২ সালে এ প্রকল্পের শুরু থেকেই প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছেন।
গতকাল সোমবার বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, স্যাটেলাইট প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নতুন নিয়োগে টেলিযোগাযোগ বিভাগে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে। তবে কী কারণে এ পদে পরিবর্তন আসছে এ বিষয় কোনো মন্তব্য করেননি বিটিআরসি চেয়ারম্যান।
বিটিআরসির এক কর্মকর্তা বলেন, সংস্থার পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন) মো. মেজবাহুজ্জামানকে এ পদে নিয়োগ দিতে চিঠি দেওয়া হয়েছে। ফ্রান্সের থালিস এলিনিয়া স্পেস ফ্যাসিলিটিতে এ স্যাটেলাইট নির্মাণের অর্ধেক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ। ইতোমধ্যে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের ভৌত নির্মাণের ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। থালিস গ্রাউন্ড স্টেশনের জন্য যন্ত্রপাতি কেনার কাজও শেষ করেছে। ২০১৫ সালের ২১ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে ‘স্যাটেলাইট সিস্টেম’ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এ স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার থাকবে, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে সরকার আশা করছে।


