সৌদি বিশ্ববিদ্যালয়ে কওমি শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর

সৌদি বিশ্ববিদ্যালয়ে কওমি শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর

পাথেয় রিপোর্ট : সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কওমি মাদরাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান বিষয়ে সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শায়খের সঙ্গে বাংলাদেশ সরকারের ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর আলোচনা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শায়খের সঙ্গে বাংলাদেশ সরকারের ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। রিয়াদে অনুষ্ঠিত এ বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল সৌদির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কওমি সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া।

এছাড়াও বাংলাদেশ সরকারকর্তৃক কওমি সনদের স্বীকৃতি,কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্সের সমমান দেওয়া, দেশের আর্থ-সামাজিক কর্মক্ষেত্রে কওমিপড়ুয়াদের ও আলেমসমাজের ভূমিকা এবং প্রচলিত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের তুলনায় কওমি শিক্ষার্থীদের ইসলাম ও আরবিভাষায় বহুমাত্রিক যোগ্যতা ইত্যাদি বিষয় আলোচনা করা হয় বৈঠকে। সৌদি মন্ত্রীও মনোযোগ দিয়ে আলোচনা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেন।

বৈঠকে মন্ত্রী বলেন, অনেক দাবি-দাওয়ার পর আওয়ামী লীগ সরকার কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্সের সমমান প্রদান করেছে। এ স্বীকৃতির ফলে দেশের আর্থ-সামাজিক কর্মকাণ্ডে কওমি পড়ুয়া ছাত্র ও আলেম সমাজ আরও ব্যাপক ভূমিকা রাখবে।

বৈঠকে সৌদির ইসলামবিষয়ক উপমন্ত্রী ড. ইউসুফ বিন মুহাম্মদ, ধর্মসচিব ড. আবদুল্লাহ আস-সামিল, বিদেশে সৌদি মিশনগুলোতে নিযুক্ত ধর্মীয় অ্যাটাশে বিষয়ক মহাপরিচালক শায়খ মুহাম্মদ বিন আবদুল ওয়াহিদ আল-আরিফি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষ থেকে ধর্মপ্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, ধর্মসচিব আনিসুর রহমান, বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান ড. নজরুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *