পাথেয় রিপোর্ট : মুসলিমদের নিরাপত্তায় একটি স্বেচ্ছাসেবক ইউনিট গঠন করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। স্থানীয় মুসলিম যুবকরা এটা গঠন করেছেন বলে জানা যায়। এই ইউনিটের সদস্যদের কাজ হবে-স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা নিশ্চিত করা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর এমন উদ্যোগ নেওয়া হলো।
জানা গেছে, দ্য মুসলিম কমিউনিটি পেট্রোল (এমসিপি) নামের সংগঠনটি স্বেচ্ছাসেবকদের একটি দলের দ্বারা পরিচালিত হবে। ‘দৈনন্দিন জীবনে বেড়ে যাওয়া ভয়ংকর অপরাধ’ থেকে সম্প্রদায়ের লোকদের রক্ষা করাই হবে সংগঠনের সদস্যদের কাজ। সংগঠনটির ওয়েবসাইটে এসব কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্থানীয় পুলিশ প্রশাসন ও কমিউনিটির মধ্যে লিয়াজোঁ হিসেবে কাজ করে এমসিপি গ্যাপগুলো দূর করবে এবং কমিউনিটি সার্ভিস, নিরাপদ শিক্ষা ও সকলের জন্য পরামর্শ দেবেন এর সদস্যরা।’
সূত্র : ডেইলি সাবাহ


