দেশের ছয় স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

দেশের ছয় স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

পাথেয় ডেস্ক : দেশের ছয় স্থানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। এ সংক্রান্ত জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ময়মনসিংহের আলালপুর নামকস্থানে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও দু’ভাইসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুলপুর উপজেলার বউলা গ্রামের দুই ভাই ইউনুস (৬০), কুদ্দুস (৪০) ও তারাকান্দা উপজেলার রাইজান গ্রামের মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান (৬০) ও তার স্ত্রী রহিমা খাতুন (৫০)।

ময়মনসিংহ কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম বলেন, সদর উপজেলার আলালপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষের সময় দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছে।

চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের চাপায় পড়ে মো. সোলায়মান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে দোহাজারী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, চালভর্তি একটি ট্রাক মোড় ঘুরতে গিয়ে পাশে দাঁড়ানো পিকআপ ভ্যানের চাপায় পড়ে গুরুতর আহত হন সোলায়মান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী মোড়ে এবং কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখোড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর এলাকার গেদা ম-লের ছেলে ভ্যানচালক সাবুল ম-ল (৪৫) ও একই উপজেলার রানাখোড়িয়া এলাকার পথচারী রমজান মোল্লা (৬৫)।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর জয়নুল আবেদিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহিনী এলাকায় একটি দ্রুতগতির ট্রাক একটি পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাবুল ম-ল নামে ভ্যানচালক মারা যায়। এসময় ভ্যানের দুই আরোহী সাব্দার মুন্সি ও আসহাব প্রামাণিক আহত হন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে দুর্ঘটনায় অভিযুক্ত ট্রাকটিকে এখনও শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখোড়িয়া এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রমজান মোল্লা। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাক্টরচাপায় (ট্রলি) সামিউল হক (২৫) নামে এক কয়লা খনি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। সামিউল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভালুকা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি বড়পুকুরিয়া কয়লা খনির একজন শ্রমিক। বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল হক (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় বশির আলী সর্দার (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দুধসর কালভাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির সর্দার শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের মকসেদ আলীর ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান জানান, দুধসর গ্রাম থেকে বশির ভ্যানে তামাক নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন। পথে দুধসর কালভাট এলাকায় পৌঁছালে অজ্ঞাত যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহসিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোহসিন গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকার বাসিন্দা। আহত পাঁচজন হলেন- নাজমা বেগম (৪৫), টিনা (১৯), রফিক (১৯) ও নুরুল ইসলাম (৪০)।

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ জানান, পূবাইল থানাধীন মেঘডুবি এলাকার ঢাকা বাইপাস সড়কে মিরেরবাজারগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোহসিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *