পাথেয় রিপোর্ট : সম্মিলিত কওমি মাদরাসা সরকারি বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে চলমান দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার প্রশ্নপত্র ফের ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে।
এ প্রশ্নপত্র ফাঁসের কারণে দাওরায়ে হাদিস জামাতের বৃহস্পতিবারের আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল কেন্দ্রীয় সদস্য ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর মহাসচিব মুফতি মুহাম্মদ আলী পাথয়ে টোয়েন্টিফোর ডটকম-কে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে দাওরায়ে হাদিস জামাতের আজকের (বৃহস্পতিবার) আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ের পরীক্ষা পুনরায় কবে অনুষ্ঠিত হবে তা জানতে চাইলে তিনি জানান, সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী বিষয়গুলোর পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে আজ একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তারাই বৈঠকে সিদ্ধান্ত নেবেন আগামী বিষয়গুলোর পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে কিনা, যা পরে আপনাদের জানানো হবে।
এর আগে বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস পরিচালিত ফরিদাবাদসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি বড় মাদ্রাসায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ কারণ কেন্দ্রীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা বাতিল হওয়ার পর দ্বিতীয়বারের মতো গত ২৩ এপ্রিল থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়েছিল।


