পাথেয় রিপোর্ট : রাজশাহীর বাঘা উপজেলায় বাস উল্টে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) সকাল ৬টার দিকে উপজেলার মীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাঘা উপজেলার ছাতারী গ্রামের সমসের আলীর ছেলে বাসের হেলপার আবু হানিফ (২৩), একই উপজেলার মনিগ্রাম মহদীপুর বটতলা গ্রামের মুনছার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) ও হরিরামপুর দাঁড়পাড়া গ্রামের নিয়াত আলীর স্ত্রী আমেনা বেগম (৪২)। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা থেকে ছেড়ে আসা রজনীগন্ধা নামে একটি বাস মীরগঞ্জ এলাকায় একটি ভটভটিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও ২০ আহত হন। আহতদের রাজশাহী মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, ঘটনার পর চালক পালিয়ে গেছে। দুই নারীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


