পাথেয় রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল নোট প্রস্তুতকারীরা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এমনই একটি সংঘবদ্ধ জাল টাকা তৈরি চক্রের দলনেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ।
গ্রেফতাররা হলেন- মো. জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)। তাদের কাছ থেকে ৪৫ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, ২টি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (১১ মে) ডিবি দক্ষিণের সহকারী কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেফতার করে গাড়ি চুরি-ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম। এ সময় তাদের কাছে থাকা ৭ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এসি রফিক আরো বলেন, ওই দুইজনকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে চকবাজারের ইসলামবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে আরো ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামাসহ বাবুল ওরফে বাবুকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা এসব সরঞ্জাম ব্যবহার করে জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় লেনদেন করত। পবিত্র রমজান মাসকে ঘিরে তারা আরও সক্রিয় হয়ে উঠেছিল। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।


