ঘুষ না পেয়ে ৩৫ হাজার ডিম নষ্ট : ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

ঘুষ না পেয়ে ৩৫ হাজার ডিম নষ্ট : ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

পাথেয় রিপোর্ট: ঘুষ না পেয়ে নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশ কর্তৃক ৩৫ হাজার মুরগির ডিম নষ্ট করার ঘটনায় ৬ পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করে হাইওয়ে বগুড়া রিজিয়ন সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এর আগে কুড়ি হাজার টাকা বকশিশ না দেওয়ায় ৩৫ হাজার ডিম (মুরগির ডিম) নষ্ট করে ফেলার অভিযোগ উঠে নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সুতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ১৬ মে ‘বকশিস না পেয়ে ৩৫ হাজার ডিম নষ্ট’ শিরোনামের সংবাদ পুলিশ সদরের দৃষ্টিগোচর হয়েছে। ঘটনা সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে ডি‌মের মালিকের সঙ্গে যোগাযোগ ক‌রে এক‌টি অ‌‌ভিযোগ গ্রহণ করা‌ হয়ে‌ছে। অভি‌যো‌গের বিষয়‌টি তদন্ত ক‌রে তিন কার্য দিব‌সের ম‌ধ্যে প্রতিবেদন দি‌তে হাইও‌য়ে পু‌লি‌শের এস‌পি পদমর্যাদার একজন কর্মকর্তা‌কে দা‌য়িত্ব প্রদান করা হ‌য়ে‌ছে।’

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্তের স্বা‌র্থে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছয় পু‌লিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজ (প্রত্যাহার) ক‌রে হাইও‌য়ে বগুড়া রি‌জিয়ন সদর দপ্তরে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।’

শুক্রবার দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, ঘটনা জানার পরই ডিমের মালিকের সঙ্গে যোগাযোগ করে একটি অভিযোগ গ্রহণ করা হয়। ডিমের মালিক শ্রী বিপ্লব কুমার সাহা (৩৫) বগুড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার বরাবর যে অভিযোগ করেছেন তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ ও প্রকাশিত সংবাদের সত্যতা অনুসন্ধানে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদ উল্লাহকে প্রধান করে শুক্রবার এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পাশাপাশি সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছয় পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করে হাইওয়ে বগুড়া রিজিয়ন সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এআইজি সোহেল রানা।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঘুষ না দেওয়ায় রশি কেটে পিকআপে থাকা পৌনে তিন লাখ টাকার ডিম রাস্তায় ফেলে নষ্ট করে দেয় বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। এতে প্রায় সব ডিম ভেঙে নষ্ট হয়ে যায়।

বৃহস্পতিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডিমের মালিক বিপ্লব কুমার সাহার পথে বসার উপক্রম হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েক ব্যক্তি জানান, গতকাল ভোর ৩টার দিকে ডিম ভর্তি একটি পিকআপ (ঢাকা মেট্রো ন ১৭-৩৭৮০) আগ্রাণ সুতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পথচারী (ফিডার সড়ক) সড়কে নেমে পড়ে। ভোর পাঁচটার দিকে বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল সেখানে আসে। তখন পিকআপের চালক ও সহকারী পিকআপটি মহাসড়কে তোলার ব্যাপারে তাঁদের কাছে সহযোগিতা চান। এ সময় পুলিশ তাঁদের কাছে রেকারভাড়া বাবদ ২০ হাজার টাকা বকশিশ দাবি করে। এত টাকা দিতে পারবেন না বলে জানালে পুলিশ ডিমের খাঁচা আটকানো দড়ি কেটে দিতে থাকে। এ সময় ডিমের খাঁচাগুলো সড়কে পড়ে গিয়ে প্রায় সব ডিম ভেঙে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *