পাথেয় রিপোর্ট: শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়েছে। এতে নিহত একজন ও পুলিশসহ আহত হয়েছেন ১৫ জন। শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদ থেকে আহত ১৬ জনের মধ্যে শফিকুল (৩৮) নামে একজন মুসল্লির মৃত্যু হয়েছে।তার মরদেহ হাসপাতালেই রয়েছে। একই ঘটনায় নগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই শরিফুল ইসলাম (৩৬) ছাড়াও রফিউজ্জামান (২৪), মনিরুল ইসলাম (৩০), আব্দুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আওয়াল (২৮), বিপ্লব (২৪) ও আমিন উল্লাহ (২৬) আহত হয়েছেন। আহত মুসল্লিরা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের কেউই গুরুতরভাবে আহত হননি।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (মসজিদ ও মার্কেট বিভাগ) মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার বলেন, ‘শুক্রবার দিন মসজিদে প্রচুর লোক হয়, এর মধ্যে রমজান মাস, তাই মসজিদের দক্ষিণ গেটে মুসল্লিদের নামাজের জন্য একটি প্যান্ডেল করা হয়। আজ মাগরিবের নামাজের সময় প্রবল ঝড়ে প্যান্ডেলটি ভেঙে পড়ে যায়। তখন সেখানে ১০০ থেকে ১৫০ জনের মতো মুসল্লি ছিল। এর পর আমরা ১৫ -১৬জন মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে ২-৩ জনের অবস্থা গুরুতর দেখেছি।’
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে নামাজের জন্য তৈরিকৃত একটি প্যান্ডেল বাতাসে ভেঙে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘ঝড়ে মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। তাদের সঙ্গে পল্টন থানা পুলিশও কাজ করছে
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম রাত সাড়ে সাতটায় জাগো নিউজকে জানান, ইফতারের পর রাজধানীতে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়।
ঝড়ে রাজধানীর তিতুমীর কলেজের সামনেসহ বিভিন্ন এলাকায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাছপালা অপসারণে কাজ করছেন।


