ফকিরহাটে বাস উল্টে নিহত বেড়ে ৬
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সড়কে ঝরে পড়লো আরও ছয় প্রাণ। বাগেরহাটের ফকিরহাটের সড়কে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয়জন। বাসটি বেপরোয়া গতিতে এসে সড়কের পাশে একজনকে চাপা দেওয়ার পর গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে যাওয়া বাগেরহাট ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাসটির চাকা ফেটে যাওয়ায় চালক এর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। খুলনা-মোল্লাহাট রুটের এই বাসটির চালকের নাম ফরহাদ। নিহত চারজন বাসযাত্রীর মধ্যে হেকমত বিশ্বাস ও কুদ্দুস সরকারের নাম জানা গেছে।
নিহত অন্যজন ফকিরহাটের কাকডাঙা এলাকার একজন দিনমজুর; তার নাম জানা যায়নি।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাকডাঙা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) সরদার মাসুদ বলেন, যাত্রীবাহী বাসটির সামনের চাকা ফেটে গিয়েছিল। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। এটি কাকডাঙায় রাস্তার পাশে এক দিনমজুরকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন বাসযাত্রী। তাদের ফরিহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তারিফ উদ্দীন।
তিনি বলেন, দুর্ঘটনায় আহত ১৫ থেকে ২০ জনকে হাসপাতালে আনা হয়। আনার পর একজনের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচ থেকে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।


