মোদী এবার পাকিস্তানি লেখকের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন

মোদী এবার পাকিস্তানি লেখকের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন পত্রিকা ‘টাইম’ ম্যাগাজিনের প্রচ্ছদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের ‘ডিভাইডার ইন চিফ’ বা ‘বিভেদ গুরু’ আখ্যা দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন নরেন্দ্র মোদী। ‘টাইম’ ম্যাগাজিনে এই প্রতিবেদনের লেখক পাকিস্তান বংশোদ্ভূত বলে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী।

‘টাইম’ ম্যাগাজিনের ২০ মে সংখ্যার প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের ‘বিভেদ গুরু’ আখ্যা দেওয়ার পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছিল, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদৌ কি পারবেন?’

ম্যাগাজিনটির ওই সংখ্যায় নরেন্দ্র মোদিকে ভারতে ‘বিষাক্ত ধর্মীয় জাতীয়তাবাদ’ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। ম্যাগাজিনে লেখা হয়েছিল, ‘পাঁচ বছর আগে ২০১৪ সালে উজ্জ্বল ভারত, শক্তিশালী ভারতের স্বপ্নের এক প্রতিভূ হিসেবে উঠে এসেছিলেন মোদি, যেন এক আস্থার দেবদূত— যার এক হাতে হিন্দু পুনর্জাগরণ, অন্য হাতে দক্ষিণ কোরিয়ার ধাঁচে অর্থনৈতিক উন্নয়নের কর্মসূচি। এখন শুধুই এক ব্যর্থ রাজনীতিক হিসেবে ভোট চাইতে এসেছেন মোদি, যিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করে দেখাতে পারেননি। নির্বাচনের ফলাফল যাই হোক, সেই স্বপ্ন, সেই আস্থা আজ আর তার সঙ্গে নেই।’

টাইম ম্যাগাজিনে প্রকাশিত সেই প্রবন্ধ নিয়ে ভারতের বিরোধী দলগুলোর বিদ্রুপ আর কটাক্ষে বিদ্ধ হলেও কোনো প্রতিক্রিয়া ছিল না মোদির পক্ষ থেকে। অবশেষে তিনি মুখ খুললেন আর প্রশ্ন তুললেন লেখকের বিশ্বাসযোগ্যতা নিয়েই।

শুক্রবার নরেন্দ্র মোদি বলেন, ‘টাইম একটি বিদেশি পত্রিকা। আর এই প্রতিবেদনের লেখক নিজেই বলেছেন তিনি পাকিস্তানের একটি রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে বলার জন্য এটাই যথেষ্ট।’

মোদি মাত্রই মুখ খুললেও প্রতিবেদনটির লেখক আতিশ তাসিরের বিশ্বাসযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল ক্ষমতাসীন বিজেপি। তাদের অভিযোগ ছিল, এই আতিশ তাসির প্রয়াত পাকিস্তানি রাজনীতিক এবং ব্যবসায়ী সালমন তাসির এবং সাংবাদিক তাভলিন সিংহের ছেলে। পাকিস্তানের স্বার্থ দেখতে গিয়েই নরেন্দ্র মোদিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন তিনি। আর এই কাজে তাকে সাহায্য করেছে টাইম ম্যাগাজিন।’

এর আগে বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্র এক প্রতিক্রিয়ায় বলেন, ‘একজন পাকিস্তানির কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *