পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংখ্যালঘু সংক্রান্ত নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে চিঠি লিখেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীসহ ভারতের বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ।
নরেন্দ্র মোদি দ্বিতীয় বার ক্ষমতায় এসেই দেশের সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষদের মূলস্রোতে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। সংখ্যালঘুদের আস্থা অর্জনের নির্দেশ দিয়েছিলেন বিজেপি এবং এনডিএ সাংসদদের। তাঁর এই প্রস্তাবকে এবার স্বাগত জানিয়েছেন মাওলানা মাহমুদ মাদানীসহ মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকরা। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এগিয়ে চলার তাঁর এই ভাবনায় তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে বলে চিঠি লিখে জানালেন তাঁরা।
মোদি আরেকবার ক্ষমতায় এসেই সংখ্যালঘুদের পাশে থাকার অঙ্গীকার করেন। দলের নেতা–কর্মীদের নির্দেশ দেন সবার বিশ্বাস রক্ষা করার। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এগিয়ে চলার তার এই ভাবনায় মুসলিমদের সম্পূর্ণ আস্থা রয়েছে বলে চিঠি লিখে জানিয়েছেন তারা।
সম্মিলিতভাবে ভারতের প্রধানমন্ত্রীকে ওই চিঠি লিখেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী, হায়দরাবাদের ন্যাশনাল ল’কলেজের উপাচার্য ফয়জান মুস্তফা, মেস্কো গ্রুপের চেয়ারম্যান ফখরুদ্দীন মোহাম্মদ ও নিয়াজ ফারুখি, শিক্ষাবিদ পিএ ইনামদার, সেন্টার অব হজ কমিটির প্রাক্তন চেয়ারম্যান কায়সার শামিম এবং দিল্লি সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামাল ফারুখি।
এছাড়া চিঠিতে স্বাক্ষর করেন বিচারপতি সোহেল সিদ্দিকি, বিচারপতি এসএস পারকর, ওয়ার্ল্ড এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি শবি আহমেদ, সাচার কমিটির প্রাক্তন সদস্য এস জাফল মাহমুদ এবং দিল্লি সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জাফরুল ইসলাম।
চিঠিতে তারা লেখেন, ‘দরিদ্র এবং প্রান্তিক মানুষকে মূলস্রোতে ফিরিয়ে আনতে না পারলে, আপনার এবং প্রত্যেক দেশপ্রেমীর স্বপ্ন বাস্তবায়িত হওয়া সম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি।
১৮৫৭ সালে দেশের স্বাধীনতার জন্য যেমন সব সম্প্রদায়ের মানুষ এক জোট হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশের মানুষের মধ্যে সেই উদ্দীপনা ফিরিয়ে আনতে চাইছেন জেনে ভরসা পাচ্ছি আমরা।
উল্লেখ, ২৬ মে রোববার ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ে টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছিলেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী।
চিঠিতে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মোদিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘জনাব ওয়ালা, বিজেপি জোট নির্বাচনে জেতায় আপনাকে (নরেন্দ্র মোদী) আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নিশ্চয়ই ভারতের হিন্দু-মুসলিম সবাই আপনাকে ভালোবাসে। আপনার বিপুল ভোটে জয় এটাই প্রমাণ করে। আমরা আশা করছি আপনি ভারতের সংখ্যালঘু মুসলমানদের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন। যাতে মুসলমানরা ভারতে শান্তিতে বসবাস করতে পারে এবং সাম্প্রদায়িক দাঙ্গা ও ধর্মীয় উগ্রতা মুসলমানদের ভীত হওয়ার কারণ না হয়।
আমি দৃঢ়ভাবে আশাবাদী যে, আপনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আপনি ধর্মীয় ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক দৃষ্টিতে দেখেবন।’
সূত্র : মিল্লাত টাইমস, জমিয়তে উলামা হিন্দ


