‘বাংলায় থাকতে হলে বাংলা শিখতে হবে’

‘বাংলায় থাকতে হলে বাংলা শিখতে হবে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিমবঙ্গে বাস করতে গেলে বাংলায় কথা বলতেই হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতা দখল করতে বাঙালি ও সংখ্যালঘুদের টার্গেট করে ‘গুজরাট মডেল’-এর অনুসরণ করতে চাইছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমরা বাংলাকে (ভাষা) এগিয়ে নিয়ে যেতে চাই। যখন আমরা দিল্লি যাই, আমরা হিন্দিতে কথা বলি। যখন পঞ্জাবে যাই, পাঞ্জাবিতে কথা বলি। আমি তো তাই বলি। যখন আমি তামিলনাডু যাই, তামিল না জানলেও অল্প কিছু জানি। সুতরাং একই ভাবে যখন আপনি বাংলায় আসবেন আপনাকে বাংলায় কথা বলতে হবে… আমরা মেনে নিতে পারি না বাইরে থেকে লোক আসবে আর বাঙালিকে মারধর করবে।

এদিন উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় একটি সভায় যোগ দেন মমতা। বিজেপি নেতা মুকুল রায়ের এলাকা এটি। মুকুলের পুত্র শুভ্রাংশু বিজপুর বিধানসভার বিধায়ক। তিনি সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নৈহাটি, কাঁকিনাড়া, ব্যারাকপুরে বাঙালিদের বাড়িতে লুট হচ্ছে। আমরা এটা সহ্য করব না। আমাদের দলীয় সমর্থকরা কিন্তু অবাঙালিদের বাড়িতে লুঠতরাজ চালাচ্ছে না। আমরা এই ধরনের হিংসার বিরুদ্ধে।

বিজেপির উদ্দেশে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, ইভিএমে কারচুপি করে কয়েকটা আসনে জিতেছে মানে এই নয় যে তোমরা রাজ্যের বাঙালি আর সংখ্যালঘুদের মারবে। আমরা এসব সহ্য করব না। পুলিশ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাংলায় যে থাকবে তাকে বাংলা বলতেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *