গোপালগঞ্জে শত্রুতার জেরে পোড়াল বসতঘর

গোপালগঞ্জে শত্রুতার জেরে পোড়াল বসতঘর

পাথেয় রিপোর্ট : গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম মধ্যপাড়ায় পূর্ব শত্রুতার জেরে তিনটি বসতঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (১৬ জুন) দুপুরে ওই গ্রামের আপন দুই ভাই বতু মোল্লা ও নওশের মোল্লার বসতঘর পুড়িয়ে দেয় প্রতিবেশী আবুল দাড়িয়ার লোকজন। ঘর পোড়ার শিকার দুই ভাই ছিরু দাড়িয়ার পক্ষের লোক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ নিয়ে ওই গ্রামের ছিরু দাড়িয়া ও আবুল দাড়িয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় আদালতে রয়েছে একাধিক মামলা-মোকদ্দমা।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ওই দুই ভাইসহ অন্যরা মামলায় হাজিরা দিতে জেলা সদরের আদালতে এসেছিলেন। এই সুযোগে আবুল দাড়িয়ার লোকজন প্রতিপক্ষের তিনটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি ঘর, আসবাবপত্র ও ঘরের মধ্যে গোলায় থাকা ধান ভস্মীভূত হয়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ঘরের সমস্ত কিছু পুড়ে যায়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *