পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ এ পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছে ৯ শিশুসহ কমপক্ষে ৬৮ জন।
সোমবারের এ হামলায় একটি যুদ্ধ জাদুঘর এবং একটি টেলিভিশন চ্যানেল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের পর জঙ্গিরা গুলিবর্ষণ করে। ঘটনাস্থলের পাশেই কাবুলে মার্কিন দূতাবাস, আফগান ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশনের অফিস।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকালের কর্মব্যস্ত সময়ে বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনেই গাড়িবোমাটি বিস্ফোরিত হয়।
এরপরই জঙ্গিরা পাশের একটি উঁচু ভবনে উঠে পড়ে। সেখান থেকে নিচের একটি বাজারের মানুষ ও পথচারীদের লক্ষ্য করে তাদের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটিতে প্রবেশ করেন। সে সময় তাদের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ হয়।আফগানিস্তান-কাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সোমবারের হামলায় নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য। আহত হয়েছেন বাহিনীর আরও ২০ সদস্য। আর শিশুসহ বেসামরিকদের হতাহতের সংখ্যা ৯৭ জন। ঘটনাস্থলের কাছেই একটি স্কুল ছিলো। বিস্ফোরণে স্কুলভবনটি ধসে পড়ে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি বলেন, প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালানো হয়। এরপর জাদুঘর ও টিভি স্টেশনে গাড়িবোমা চালায় সন্ত্রাসীরা।
হামলার শিকার জায়গাটির পাশেই আফগান বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি গুরুত্বপূর্ণ ভবন হওয়ায় পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।


