পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান ও মুর্শিদাবাদের মাদরাসায় চলছে জঙ্গি কার্যকলাপ। আর এসব মাদ্রাসা থেকে সদস্য সংগ্রহ করছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি। ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক করতে রাজ্য সরকারকে রিপোর্ট দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২ জুলাই) সাংসদদের প্রশ্নের উত্তরে এমন দাবি করেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি। আনন্দবাজার।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ২০১৪-র অক্টোবরে, বর্ধমানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে বাংলাদেশি জঙ্গিদের যোগ পাওয়া যায়। ঘটনায় সাকিল গাজী নামে একজনের মৃত্যু হয়। এনআইএ সই বিস্ফোরণের ঘটনার তদন্ত করে। গোয়েন্দারা জানতে পারে যে, ওই ঘটনায় যুক্ত ছিল জেএমবি। এরপর বিহারের বোধ গয়ায় আরও একটি বিস্ফোরণ ঘটে। সেখানেই জড়িত ছিল এই জেএমবি।
ভারতের গোয়েন্দাদের দেওয়া রিপোর্টে বলা হয়, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় জেএমবি ক্যাম্প তৈরি করেছে। এমনকি সেইসব ক্যাম্পে পাক জঙ্গি লস্কর-ই-তইবার উপস্থিতিও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।
গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সহ পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে জাল বিস্তার করেছে জঙ্গিরা। নেটওয়ার্ক রয়েছে আসামের মুসলিম-অধ্যুষিত এলাকাতেও। এইসব জায়গায় মাদ্রাসা ও মসজিদগুলিতে সদস্য সংগ্রহের কাজও চলছে।
এদিকে, সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, সোমবার বোধ গয়া বিস্ফোরণের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেও জামাত-উল-মুজাহিদীনের সদস্য বলে দাবি করা হয়েছে।


