পাথেয় রিপোর্ট : বৃক্ষরোপণ করে শ্বশুরবাড়িতে প্রবেশ করেছেন নববধূ মৌমিতা। শ্বশুরবাড়িতে পা রাখার আগে একশ গাছ রোপন করেছেন তিনি। এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানে।
জানা গেছে, রোববার (৬ জুলাই) কানপুর গ্রামের বাসিন্দা সীতারাম সরকারের মেয়ে মৌমিতা সরকারের সঙ্গে পূর্ব বর্ধমানের মেমারির মামুদপুরের বাসিন্দা অজিত ঘোষের ছেলে কৌশিক ঘোষের বিয়ে হয়। সোমবার (৭ জুলাই) সকালে শ্বশুরবাড়িতে পা রাখার আগে একশটি ফল ও ফুলের গাছ রোপন করেছেন মৌমিতা।
এলাকার বাসিন্দারা এই অভিনব উদ্যোগে খুশি হয়েছেন। পরিবেশের উষ্ণায়ণ নিয়ে চিন্তিত পরিবেশবিদ থেকে সাধারণ মানুষেরা এ উদ্যোগের প্রশংসা করেছেন।
জানা গেছে, কিছুদিন আগে এই একই উদ্যোগ নেন কৌশিক নিজেও। কিন্তু সমস্যা হলো, গাছ পুঁতলেই তো হবে না রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নেবে। একসঙ্গে এতো গাছ বসাবার জায়গা কোথায় পাওয়া যাবে। এই চিন্তা মাথায় রেখে কৌশিক পাল্লারোডের পল্লীমঙ্গল সমিতির কাছে যান। সমস্যার সমাধানে তারাই এগিয়ে আসে। সমিতির সদস্যরা পার্থেনিয়ামে ভরা জায়গাগুলো পরিস্কার করে গাছগুলোকে বসানোর ব্যবস্থা করে দেয়।
শুধু তাই নয়, ভবিষ্যতে গাছগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও নেয় পল্লীমঙ্গল সমিতি।
নবদম্পতি জানিয়েছেন, চারিদিকে পানি সংকট। গাছই পারে পরিবেশকে রক্ষা করতে। তাই তাঁরা নতুন জীবন শুরুর দিনে, ভবিষ্যত প্রজন্মের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছেন।
তারা জানান, বিয়ের মোট খরচের মাত্র এক শতাংশ খরচ করেই তাদের ইচ্ছা বাস্তবায়িত হয়েছে। পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানান, এ ধরণের পরিবেশ বাঁচানোর অভিনব উদ্যোগে তারা খুশি হয়েছেন।
সূত্র : জি-নিউজ


