সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৮২৫ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৮২৫ হজযাত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র হজ পালনে ৫৯ হাজার ৮২৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ২২১ জন রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৩টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৮২টিসহ মোট ১৬৫টি ফ্লাইটে সেখানে পৌঁছান তারা। বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টায় (সৌদি সময়) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার রাত ১টায় হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে আগত যেসব হজযাত্রীর সৌদি আরবে মৃত্যু হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

এছাড়া সভায় বাংলাদেশি হজযাত্রীদের সেবা কার্যক্রম এবং সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে মক্কার মৌসুমী হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের সপ্তম ও অষ্টম ফ্লাইটের সব হজযাত্রী মদিনায় আটদিন অবস্থান শেষে মক্কায় প্রত্যাবর্তন করেন। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট আগামী ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং ১৫ সেপ্টেম্বর শেষ ফিরতি ফ্লাইট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *