ইরানের পার্লামেন্ট-খোমেনির মাজারে হামলা, নিহত ৭

ইরানের পার্লামেন্ট-খোমেনির মাজারে হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক ● ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ভবন এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পার্লামেন্ট ভবনে ঢুকে বন্দুকধারীদের গুলি ও খোমেনির মাজারে হামলায় এ পর্যন্ত সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এএফপির খবরে বলা হয়েছে, এ ঘটনায় আরো আহত হয়েছেন আটজন। কারা এই হামলা চালিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়েছে। ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনের নিরাপত্তারক্ষীর পায়ে গুলি করে। গুলি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পার্লামেন্টের সব দরজা বন্ধ করে দেয়া হয়। পার্লামেন্টের জ্যেষ্ঠ এমপি ইলিয়াস হাজরাতি জানিয়েছেন, দুটি কালাসনিকোভ রাইফেল এবং একটি হ্যান্ডগান নিয়ে তিনজন হামলাকারী পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে। হামলার পরপরই পুরো এলাকা নিয়ন্ত্রণে এনেছে নিরাপত্তা বাহিনী। তারা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে অবস্থান করছেন। কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা স্পষ্ট নয়।

আইএসের দায় স্বীকার : ইরানের পার্লামেন্ট ভবন এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলার দায় স্বীকার করেছে আইএস। জঙ্গি গোষ্ঠীটির বার্তাসংস্থা আমাক বুধবার জানায়, আইএসের যোদ্ধারা খোমেনির মাজার এবং ইরানের পার্লামেন্ট ভবনে হামলা করেছে। বুধবার সকালে ইরানের পার্লামেন্ট ভবন এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী বিভাগের প্রধান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেছেন, তারা আরেকটি সন্ত্রাসী হামলা পরিকল্পনা নস্যাৎ করেছেন এবং একদল সন্ত্রাসীকে আটক করেছেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় লোকজনকে জনপরিবহনে চলাফেরা না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *