পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান যেন লোক দেখানো না হয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই।
তিনি বলেন, দুর্নীতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকারের উদ্যোগ গ্রহণ ফলপ্রসূ হলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। যাদের নীতি নৈতিকতা নাই, তাদের দ্বারা দেশের উন্নতি ও অগ্রগতি সম্ভব নয়। তিনি বলেন, ইসলামী আন্দোলনের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে নীতি-নৈতিকতা সমৃদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নৈতিকতা সম্পন্ন আদর্শবান নাগরিক তৈরির কাজ করছে। নীতি নৈতিকতা বিবর্জিতদের দ্বারা কখনো দেশ সমৃদ্ধশালী হতে পারে না।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও ডা. মুখতার হোসাইন। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ। মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ প্রমুখ।
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃত্বে চরিত্রহীন ও দুর্বৃত্তায়ন তৈরি হচ্ছে। তিনি বলেন, মসজিদ নগরী ঢাকা এখন মদ, জুয়া ও সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছে। প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা দুর্নীতিতে একাকার হয়ে গেছে। সরকার যে উদ্যোগ নিয়েছে তা ফলপ্রসূ হলে সরকার ও দেশের কল্যাণ হবে।


