নিজস্ব প্রতিবেদক ● মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি কারাবন্দি সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন স্থগিতই থাকছে। হাই কোর্টের দেয়া জামিনের আপিল বিভাগ চার মাসের জন্য স্থগিত করে দেয়ায় তার সংশোধন চেয়ে আবেদন করেছিলেন সাংসদ রানা। কিন্তু প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার তাতে সাড়া দেয়নি (নো অর্ডার)। আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দীন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি রানাকে প্রধান আসামি করে এবং তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন পালিয়ে থেকে সাংসদ রানা গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। জেলা ও দায়রা জজ তার জামিন আবেদন নাকচ করে দিলে এই সাংসদ হাই কোর্টে আবেদন করেন।
কয়েক দফা চেষ্টার পর বিচারপতি এম এন চৌধুরী এবং এ এন এম বশির উল্লাহর হাই কোর্ট বেঞ্চ ১৩ এপ্রিল এমপি রানাকে অন্তবর্তীকালীন জামিন দেয়। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ গত ৮ মে জামিনের ওই আদেশ চার মাসের জন্য স্থগিত করে দেয়। সেইসঙ্গে ছয় মাসের মধ্যে এই হত্যা মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।


