চট্টগ্রাম প্রতিনিধি ● ২০০৯ সাল থেকে দেশে সড়ক দুর্ঘটনার হার কমে আসছে বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. মশিয়ার রহমান। ২০২০ সালের মধ্যে এই হার অর্ধেকে নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার চট্টগ্রামে যানবাহন চালকদের দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান। নগরীর এলজিইডি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার ইকবাল বাহার, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব ও পরিবহন মালিক শ্রমিক নেতারা। বক্তারা বলেন, দেশে প্রায় ৬০ লাখ ড্রাইভারের মধ্যে ৪০ লাখের বৈধ লাইসেন্স নেই। এ কারণেই দুর্ঘটনার হার বাড়ছে বলে মনে করেন তাঁরা।
পরিস্থিতি উন্নয়নে দক্ষ ও বৈধ লাইসেন্সধারী চালকের বিকল্প নেই বলেও একমত পোষণ করেন কর্মশালায় আগত বক্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রশিক্ষিত চালকদের লাইসেন্স দিতে গড়িমসি করা হলে তা বরদাশত করা হবে না। পাশাপাশি চালকদের উদ্দেশে তিনি বলেন, মহাসড়কে কোনো অবস্থাতেই ৮০ কিলোমিটারের বেশি গতিবেগে যেন গাড়ি না চালানো হয়।


