শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, সংবাদ সম্মেলন বুধবার
পাথেয় রিপোর্ট : দেশে শান্তি বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সোমবার বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মিশনে যান প্রধানমন্ত্রী।
সেখানে তাকে উলুধ্বনি দিয়ে স্বাগত জানায় সনাতনধর্মাবলম্বীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূজামণ্ডপ পরির্দশন করেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলছে বলেই সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বাস করছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হচ্ছে বুধবার। যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক ও ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, জঙ্গি, সন্ত্রাস, মাদক থেকে দেশমুক্ত রাখা বর্তমান সরকারের লক্ষ্য। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।
এ সময় সব ধর্মের মানুষের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেন অব্যাহত থাকে সে কামনা করেন তিনি।
পরে প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী মন্দিরে যান এবং সেখানকার পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে বুধবার বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিউইর্য়ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বেশ কয়েক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করেন।


