নিজস্ব প্রতিবেদক :: পার্বত্যজেলাগুলোতে নির্মম পাহাড়ধস ও লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ড নিহতদের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, পাহাড়ধ্বংসে যেসব কালো হাত জড়িত রয়েছে তাদের বিচার করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। কারণ পাহাড়কে ভারসাম্যপূর্ণ সমতল ভূমির জন্য আল্লাহ তাআলা একরকম প্যারেক হিসেবে স্থাপন করেছেন। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তিরা পাহাড়কে কেটে বিপজ্জনক করে তুলছে।
নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, পাহাড়ে নিহতদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। সরকারসহ দেশের বিত্তবান সবার দৃষ্টি পাহাড়ে দেয়া উচিত।
লন্ডন অগ্নিকা-ে যেসব মুসলিমরা জীবনবাজি রেখে সগযোগিতায় এগিয়ে এসেছেন তাদের অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, মুসলমানদের কাজই হলো পরের সেবা করা। অন্যের উপকারে নিজের সর্বস্ব বিলীন করা।
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যার যা আছে তা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে জমিয়ত সভাপতি বলেন, পাহাড়ে নিহতরা আমাদের ভাই। স্বজন। এখানে ধর্মের পরিচয় বড় নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে বিপদগ্রস্তের পাশে দাঁড়ানোই ঈমানের দাবি।
১৫ জুন বৃহস্পতিবার বাংলাদেশ জমিয়তুল উলমার প্রচার সম্পাদক সাংবাদিক মাসউদুল কাদির স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।


